বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট অনুমোদন এবং শ্রমিক শ্রেণির ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে লাওস। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর এক নির্দেশনায় বাংলাদেশি নাগরিকদের শ্রমিক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া ও ওয়ার্ক পারমিট অনুমোদন স্থগিত করে। একই সঙ্গে শ্রমিক শ্রেণির ভিসা ইস্যুও বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ পরিস্থিতিতে লাওসে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বিশেষ করে ভুয়া ভিসা, চাকরির প্রস্তাব ও অননুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারণার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো চাকরির প্রস্তাব বা ভিসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করতে হবে। স্থগিতাদেশের সময়ে কেউ চাকরি বা ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিলে যাচাই ছাড়া কোনো অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।