হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা হলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা বরদাশত করা হবে না।

তিনি বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন সমস্যার উন্নতি ও সমাধানে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

বিমানবন্দরে লাগেজ কাটার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে এ ধরনের ঘটনা হচ্ছে বলে মনে হচ্ছে না। অতীতে দু-একটি ঘটনা ঘটে থাকলে সেগুলোও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর দিয়ে স্বর্ণপাচার এবং এ ঘটনায় বিমানের কর্মীদের আটক হওয়ার বিষয়ে তিনি বলেন, আগে বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণপাচারের সুযোগ থাকলেও বর্তমানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বর্ণপাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

মন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিতভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হচ্ছে।