হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেটসহ মোবাইল ফোন ও ল্যাপটপ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে শারজাহ থেকে ঢাকায় আসা জি-নাইন ৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।

তল্লাশির সময় মোহাম্মদ শাহীন নামে এক যাত্রীর ব্যাগ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ পাওয়া যায়। কে এম ফজল হকের ব্যাগেজ থেকে উদ্ধার করা হয় ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ। আর বেলায়েত ভুইয়া হোসেনের ব্যাগ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ আটক করা হয়।

সব মিলিয়ে তিন যাত্রীর কাছ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।