নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।
সোমবার বিমানটি লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে যাওয়ার সময় অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি এটিআর-৪২ মডেলের।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধারকারীদের নৌকায় করে ঘটনাস্থলে যেতে দেখা যায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, বিমানটি কয়েকটি গাছ ভেঙে মাটিতে পড়ে। ঘটনাস্থল থেকে দেহাবশেষ, পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন