রাজধানীর ভাটারার সাঈদনগরে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার বেলকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহপাঠী মাজহারুল জানান, সকালে সাঈদনগর বড় মসজিদের পাশের একটি ভবনের দ্বিতীয় তলার বেলকনি থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন নাঈম। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতাল এবং এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দা মো. মুস্তাফিজুর রহমানের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন