বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
সকালে এসআরবি-৪-এর একটি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করে। পরে বেলা ১১টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি জানান, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) অভিযোগের ভিত্তিতে একটি দালাল চক্রের বিরুদ্ধে কিছুদিন ধরে ছায়াতদন্ত চালানো হয়। তদন্তে বিদেশে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া যায়।
সাজাপ্রাপ্তদের মধ্যে পটুয়াখালীর সবুজ ও সিরাজগঞ্জের শামীমকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই জেলার সুজনকে এক মাস, পাবনার শাহিনকে ২১ দিন, কিশোরগঞ্জের আবুল বাসারকে ১৫ দিন এবং ভোলার হারুন ও শরীয়তপুরের সুরুজ মিয়াকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
অর্থদণ্ড পাওয়া পাঁচজনের মধ্যে কিশোরগঞ্জের দুর্জয়কে ১০ হাজার, রংপুরের রেজাউল করিমকে পাঁচ হাজার, কিশোরগঞ্জের কাইয়ুমকে চার হাজার, ভোলার রিয়াজকে দুই হাজার এবং একই জেলার কামরুন নাহারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসআরবি-৪-এর অধিনায়ক বলেন, চক্রটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করানো এবং বিদেশে পাঠানোর নিশ্চয়তা দিয়ে প্রার্থীদের কাছ থেকে ৪০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আদায় করত বলে অভিযোগ রয়েছে। পরে নানা অজুহাতে এসব অর্থ আত্মসাৎ করা হতো।
তিনি জানান, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিলেও বিদেশে কর্মী পাঠানো বা চাকরির ব্যবস্থা করে না। অন্যদিকে, বোয়েসেল বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। বোয়েসেলের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হয় না।
বিদেশে যেতে ইচ্ছুক প্রার্থী ও তাঁদের অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এসআরবি-৪। চাকরি বা ভিসার নিশ্চয়তা দিয়ে কেউ অর্থ দাবি করলে যাচাই ছাড়া টাকা না দেওয়া এবং প্রতারণার শিকার হলে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন