মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের এক অভিনব উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রকল্পের গবেষক কুয়েটের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান প্রধানমন্ত্রীকে জানান, দীর্ঘ ১০ বছরের গবেষণায় ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ (এইচটিএল) প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে ৫০-৫৫% পর্যন্ত বায়োক্রুড (জৈব অপরিশোধিত তেল) উৎপাদনে সফলতা মিলেছে। আগামীতে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণে একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা খরচ হবে। গবেষকদের মতে, এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে সফল হলে দেশের আমদানিকৃত জ্বালানি তেলের ১০-১৫% পর্যন্ত প্রতিস্থাপন করা সম্ভব, যার মাধ্যমে বছরে প্রায় ৬,৫০০ থেকে ১৩,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে।
প্রকল্পটির বিশাল সম্ভাবনা বিবেচনা করে এটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন