পবিত্র মক্কা ও মদিনার মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মক্কা ও মদিনার মর্যাদা রক্ষায় প্রয়োজন হলে বাংলাদেশ সব ধরণের পদক্ষেপ নেবে জানিয়ে তিনি মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের তীব্র আগ্রহের কথা প্রকাশ করেছেন।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা পুরো মুসলিম বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তিনি বলেন, এতদিন বাংলাদেশ-সৌদি সম্পর্ক প্রধানত শ্রমবাজার ও রেমিট্যান্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন সেই চিরাচরিত ধারা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে বিনিয়োগ, প্রযুক্তি ও জ্বালানিসহ বহুমুখী খাতে কৌশলগত ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায়।
সৌদি আরব ইতোমধ্যে বাংলাদেশে স্টার রিফাইনারি-২ প্রকল্পে প্রায় ২.৪৩ বিলিয়ন ডলার বিনিয়োগের মতো বৃহৎ পদক্ষেপ নিয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাপানের সঙ্গে জ্বালানি খাতের সংকট মোকাবিলা এবং বিনিয়োগ অংশীদারত্ব জোরদারের বিষয়টি সফরে প্রধান প্রাধান্য পাবে।

মন্তব্য করুন