সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এ ঘটনায় সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বিমানবন্দরে হামলাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন। তিনি জানান, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ হয়েছে। তবে সৌদি বিমানবন্দরে হামলা চালিয়ে তারা অত্যন্ত খারাপ কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
সৌদি আরবের হুথিবিরোধী সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সহায়তা করবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি বিষয়টি বিবেচনা করবেন। তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
প্রতিবেদন অনুযায়ী, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সৌদি নেতৃত্বাধীন জোট এ হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করেছে। জোটের দাবি, বেসামরিক বিমানবন্দরে এ ধরনের হামলা গুরুতর যুদ্ধাপরাধের শামিল।
রোববার হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত জুলাইয়ে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন