২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। টিকিটের লটারিতে নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি আবেদন জমা পড়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিটের জন্য মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি আবেদন জমা পড়েছে। এতে নিবন্ধন করেছেন ১৪২টি দেশের ক্রিকেটপ্রেমীরা। আগামী বছরের বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের প্রতিফলন হিসেবে দেখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

২০২৭ সালের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। গত ১ অক্টোবর টুর্নামেন্টের সূচি প্রকাশ করে আইসিসি।

সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আফ্রিকান স্থানীয় সময় অনুযায়ী টিকিটের লটারিতে নিবন্ধনের সুযোগ থাকবে।

টিকিট পাওয়ার জন্য একজন দর্শক প্রতিটি ম্যাচে একবার করে আবেদন করতে পারবেন। তবে টুর্নামেন্টের একাধিক ম্যাচ উপভোগ করতে চাইলে আলাদা আলাদা ম্যাচের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।

আইসিসি আরও জানিয়েছে, কোনো ম্যাচের টিকিটের চাহিদা বরাদ্দের তুলনায় বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাওয়া দর্শকদের নির্বাচন করা হবে। নির্বাচিত আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে পরবর্তী সময়ে কীভাবে টিকিট কেনা যাবে।

বিশ্বকাপ শুরুর এক বছরেরও বেশি সময় আগে টিকিটের আবেদনে এমন সাড়া টুর্নামেন্টটি ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটপ্রেমীদের ব্যাপক আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।