লিওনেল মেসির অ্যাসিস্ট, রদ্রিগো ডি পলের দুর্দান্ত ফিনিশিং আর জার্মান বের্তেরামের গোলে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত ম্যাচে মায়ামির হয়ে প্রথম গোলটি করেন বের্তেরাম। ম্যাচের ২০তম মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমে এটি ছিল তাঁর অষ্টম গোল।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পল। দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে মেসির নিখুঁত পাস পেয়ে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ পর্যন্ত এই দুই গোলেই জয় নিশ্চিত হয় মায়ামির।
ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল নিউইয়র্ক সিটি। তবে নিকোলাস ফার্নান্দেজের নেওয়া শট ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। এতে টানা দ্বিতীয় ম্যাচে ক্লিন শিট ধরে রাখে দলটি।
২০২৩ সালে মেসি যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে প্লে-অফে উঠতে পারেনি মায়ামি। তবে পরের তিন মৌসুমেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি। ২০২৪ সালে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও গত বছর ভ্যাঙ্কুভারকে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবার এমএলএস কাপ জেতে তারা।
এর আগে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল মায়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষে এই জয় নতুন কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেসের অধীনে লিগে তাদের টানা দ্বিতীয় জয়।
এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মায়ামি। মেসির নেতৃত্বে প্লে-অফে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পাচ্ছে দলটি।

মন্তব্য করুন