ব্রাজিলে ফুটবল কোচিং লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগের মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সাবেক সহকারী আলেহান্দ্রো মানকুসো। ২০ হাজার ডলারের বিনিময়ে কোনো ধরনের পড়াশোনা ছাড়াই কোচিং সার্টিফিকেট পাইয়ে দেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বোকা জুনিয়র্সের সাবেক এই ফুটবলার।

অভিযোগ রয়েছে, কয়েকজন সাবেক ফুটবলারকে মাত্র এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে আর্জেন্টিনার ফুটবল কোচিং লাইসেন্স দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। অনুসন্ধানী সাংবাদিক জোয়ানা দে আসিসকে দেওয়া সাক্ষাৎকারে মানকুসো দাবি করেন, তিনি কেবল ব্রাজিলের খেলোয়াড়দের আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেন।

মানকুসোর ভাষ্য, ভাষাগত সমস্যার কারণে ব্রাজিলের অনেক খেলোয়াড় স্প্যানিশ ভাষায় যোগাযোগ করতে পারেন না। তাই তিনি তাদের নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং কোর্সের সময়সূচি সম্পর্কে তথ্য পেতে সহায়তা করতেন। তবে কোর্স পরিচালনা বা লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় তাঁর কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেন তিনি।

২০ হাজার ডলারের বিনিময়ে এ ও বি এবং প্রো লাইসেন্স দেওয়ার প্রস্তাবসংক্রান্ত একটি বার্তার স্ক্রিনশটের বিষয়ে জানতে চাইলে মানকুসো অভিযোগটি অস্বীকার করেন। তাঁর দাবি, ফি ও কিস্তিসংক্রান্ত বিষয়গুলো সরাসরি ফেডারেশনের সঙ্গে নির্ধারণ করা হয়।

এদিকে, ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে মাত্র এক সপ্তাহ থেকে ১০ দিনের কোর্স এবং ২০ হাজার ডলারের খরচের কথা শোনা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মানকুসো বলেন, অনলাইন ক্লাসের পাশাপাশি সরাসরি উপস্থিত হয়ে ক্লাস করাও প্রয়োজন।

পাউলিনহো ও অ্যালেক্স দে সুজার লাইসেন্সের বিষয়ে প্রশ্ন করা হলে মানকুসো জানান, তাঁরা অনলাইনে পড়াশোনা করেছেন। তবে সরাসরি ক্লাস সম্পন্ন করেছেন কি না, তা তিনি জানেন না। বিষয়টি ফেডারেশনের আইন বিভাগ দেখভাল করছে বলে জানান তিনি।

অন্যদিকে, কয়েকজন সাবেক খেলোয়াড় পড়াশোনা ছাড়াই লাইসেন্স পাওয়ার দাবি করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা ও সংশ্লিষ্ট লাইসেন্সের বৈধতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে নেই।