সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার, ১৬ অক্টোবর জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সরকারি সহায়তা ও উন্নয়নমূলক কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে। তাই দেশের প্রতি দায়িত্ববোধ থেকে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে কাজ করছে। তবে বিশ্ব পরিস্থিতি ও যুদ্ধের প্রভাব বিবেচনায় জনগণকে ধৈর্য ধরতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে এবং বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রশংসা করেছেন ট্রাম্প।

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে। তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও অর্থসহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান এবং পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র দেওয়া হয়। এর আগে মন্ত্রী বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।