শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার, ১৬ অক্টোবর রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার; আর ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সারা দেশে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

শুভেচ্ছাবার্তায় তারেক রহমান বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনাই শারদীয় দুর্গোৎসবের মূল তাৎপর্য। বাংলাদেশের আবহমান সংস্কৃতিতে বিভিন্ন ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রতিফলন। সব ধর্মের মূল শিক্ষা মানবকল্যাণ, সাম্য ও মানবিক মর্যাদা। তাই ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি সবার প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা নিশ্চিত করা জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের পথে বাংলাদেশের নতুন যাত্রায় দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দেশের বহুমাত্রিক সমাজ আরও সমৃদ্ধ হবে।