চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে মো. আফছার উদ্দিন আব্বাস (৪৬) নামে যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার চন্দ্রঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আফছার উদ্দিন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, আফছার উদ্দিন আব্বাস চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মারিয়ার বাপের বাড়ি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুল বিশ্বাস ও বায়েজীদ মোল্লার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। রাঙ্গুনিয়া মডেল থানার ১২ নম্বর মামলায় হত্যাচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, গ্রেফতার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন