বায়ুদূষণের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭১, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, ওই সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল মালয়েশিয়ার কুচিং। শহরটির একিউআই স্কোর ছিল ২১০। দ্বিতীয় অবস্থানে ভারতের মুম্বাই, স্কোর ১৯১। তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ১৮০ এবং চতুর্থ অবস্থানে ভারতের কলকাতা, স্কোর ১৭৮।

বায়ুমানের সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাস সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, দূষিত বাতাসে থাকা ক্ষতিকর সূক্ষ্ম কণা ও অন্যান্য দূষক শ্বাসতন্ত্রের সমস্যা বাড়াতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং আগে থেকে শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।

এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাইরে অপ্রয়োজনীয় সময় কাটানো কমানো এবং বায়ুদূষণ বেশি থাকলে ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেন। একই সঙ্গে দূষণের মাত্রা সম্পর্কে নিয়মিত তথ্য জেনে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।