সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন ঘিরে দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে আসছে। এ ধরনের তৎপরতার মাধ্যমে তারা পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক সুবিধা নিতে চায়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কোনো অপশক্তি, পতিত শক্তি, পলাতক অপরাধী কিংবা গণহত্যায় জড়িত ব্যক্তিদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
গণ-অভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং দেশের শত শত নাগরিক হত্যার সঙ্গে জড়িত, তাদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন