দুর্গাপূজার পাঁচ দিনের দীর্ঘ ছুটি শেষে আবারও চেনা কর্মব্যস্ত রূপে ফিরেছে রাজধানী ঢাকা। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকেই সড়কে বেড়েছে যানবাহনের চাপ। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ভিড়ে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে যানজট। গণপরিবহনে বেড়েছে যাত্রীদের ভিড়, বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অনেককে।
রোববার সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে সড়ক ও ফুটপাত। সকাল ৮টার পর থেকেই বাড়তে থাকে যানবাহনের চাপ। কোথাও গাড়ি চলেছে ধীরগতিতে, কোথাও বাসে ওঠার জন্য যাত্রীদের ভিড় করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বাসে আসন না পেয়ে অনেক যাত্রী দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছেন। আবার অতিরিক্ত ভিড়ের কারণে কেউ কেউ বাসে উঠতে না পেরে পরবর্তী গাড়ির জন্য অপেক্ষা করছেন। যাত্রী ওঠানো-নামানোর সময়ও বিভিন্ন স্থানে যানবাহনের গতি কমে যাচ্ছে।
রামপুরা ও বাড্ডা এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, রিকশা ও মোটরসাইকেলের চলাচল ছিল চোখে পড়ার মতো। মালিবাগ ও মৌচাক এলাকায় যানবাহনের চাপের সঙ্গে অফিসগামী মানুষের ভিড়ে বেড়েছে দুর্ভোগ। পল্টন এলাকায় ফুটপাতেও ছিল মানুষের ব্যস্ত পদচারণা।
বাড্ডা এলাকায় কর্মরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক মো. দেলোয়ার বলেন, দীর্ঘ ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সড়কে প্রচুর যানবাহনের চাপ ও যানজট ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যানজট কমেছে।
বাসচালক আবুল কালাম জানান, ছুটির পর সড়কে গাড়ি ও যাত্রী দুটিই বেড়েছে। যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে আগের চেয়ে বেশি সময় লাগছে।
অফিসগামী যাত্রীদের অভিযোগ, বাসে অতিরিক্ত ভিড় ও সড়কের যানজটের কারণে সময়মতো কর্মস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘ ছুটিতে রাজধানীর সড়কে তুলনামূলক স্বস্তি থাকলেও কর্মজীবী মানুষের প্রত্যাবর্তনে আবারও বাড়ছে যানবাহনের চাপ ও নগরজীবনের চিরচেনা ভোগান্তি।

মন্তব্য করুন