এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করেও আর পুরো এক বছর অপেক্ষা করতে হবে না শিক্ষার্থীদের। অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের যেন একটি বা দুটি বিষয়ে ফেল করার কারণে আরও একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রীর তথ্য অনুযায়ী, এবার এক বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। তাদের শুধু অকৃতকার্য বিষয়গুলোতেই আবার পরীক্ষা দিতে হবে।

তবে পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। সাত বা ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হলেও এতে প্রস্তুতির ঘাটতি থাকতে পারে। আবার বেশি দেরি হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রমে প্রভাব পড়বে। তাই এক মাসের বেশি সময় দেওয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রী।

এদিকে, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। গত বছর পুনর্নিরীক্ষণে ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছিল। তাদের মধ্যে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেন।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ৪১৩ জন। সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন ইংরেজিতে, ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন।