সাবেক বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তের স্বার্থে দীপকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে নৌ পুলিশ।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।

তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে দীপের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ নিহত তাহসিফকে নিজের সিনিয়র পরিচিত হিসেবে উল্লেখ করেছেন।

রিমান্ড আবেদনে হত্যার কারণ উদ্ঘাটন, জড়িত অন্যদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার, তাহসিফের মোটরসাইকেলের সন্ধান এবং হত্যাকাণ্ডের স্থান নিশ্চিত করার কথা বলা হয়েছে।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম শুক্রবার রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে ওই মামলায় সন্দেহভাজন হিসেবে দীপকে গ্রেপ্তার দেখানো হয়।

চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পেছনের কারণ ও অন্য কারও সংশ্লিষ্টতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।