শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৫ মিনিটের দিকে হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সংঘর্ষ হয়। পরে মিরপুর-১০ এলাকা থেকে আসা শ্রমিকরা হিমালয় গার্মেন্টস ও পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালান।
এ সময় শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ঘটনাস্থলে প্রায় ১২০ থেকে ১৫০ জন শ্রমিক উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে আন্দোলনকারীরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে যান। পরে মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে, শ্রমিক আন্দোলনের কারণে আশুলিয়ার অন্তত ১৩টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে শিল্পাঞ্চলজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে।

মন্তব্য করুন