ঘটনাটি গাজীপুরের টঙ্গীর পাগার এলাকার। গ্রেফতার যুবকের নাম নাজমুল ইসলাম বাপ্পি। ৩২ বছর বয়সী বাপ্পি ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় বাড়ির চতুর্থ তলায় ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
পুলিশ জানায়, কয়েক দিন ধরেই ওই বাড়ির ওপর নজরদারি করা হচ্ছিল। পরে অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জাম, রাসায়নিক উপাদান এবং ইয়াবা তৈরির কাজে ব্যবহারের জন্য মজুত করা সামগ্রী জব্দ করা হয়। বাড়ির ভেতরে একটি গোপন কক্ষ ও ল্যাব তৈরি করেছিলেন বাপ্পি, যেখানে সহজে প্রবেশ করা সম্ভব ছিল না।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি জানান, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরার পর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। সেই সম্পর্কে ব্যর্থ হয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। পরে ইয়াবা তৈরির পরিকল্পনা করেন। এ জন্য ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম জানান, অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব উপাদান ইয়াবা তৈরির উদ্দেশ্যে সংগ্রহের কথা স্বীকার করেছেন গ্রেফতার যুবক।
আবাসিক বাড়ির ভেতরে এমন গোপন কারখানার সন্ধান ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন