বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও উত্তাল গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। দ্বিতীয়বারের মতো সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে বন্ধ হয়ে গেছে যান চলাচল। প্রায় সাত কিলোমিটার এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

শনিবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন জ্বালিয়ে দেন তারা।

শ্রমিকদের অভিযোগ, কয়েক দিন ধরে বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় কর্মবিরতিতে যান শ্রমিকরা। পরে শুরু করেন সড়ক অবরোধ।

এর আগে সকালে আন্দোলন ও ভাঙচুরের মতো পরিস্থিতি এড়াতে শ্রমিকদের সচেতন করতে একটি সভা অনুষ্ঠিত হয়। তবে সভা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। মালিকপক্ষের সঙ্গেও আলোচনা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।