বিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনও উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বিরোধী দলকে রাজপথের আন্দোলন পরিহার করে সংসদে এসে নিজেদের বক্তব্য ও মতামত তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, দীর্ঘ সময় পর দেশে সংসদীয় গণতান্ত্রিক চর্চা ফিরে এসেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক, সাংবাদিক, জুলাইযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা হয়েছে।
তিনি বলেন, বিরোধী দলকে সংশ্লিষ্ট কমিটিতে অংশ নেওয়ার জন্য একাধিকবার আহ্বান জানানো হয়েছে। তাদের জন্য আলোচনার সুযোগ এখনও রয়েছে।
নূরুল ইসলাম মনি আরও বলেন, জাতীয় সংসদই গণতান্ত্রিক কার্যক্রমের মূল কেন্দ্র। রাজনৈতিক মতপার্থক্য সংসদীয় আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য ‘বাংলাদেশ-ইইউ সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সংসদীয় বাজেট ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, শ্রম আইন সংশোধন, শ্রমিক অধিকার সুরক্ষা এবং শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সংসদীয় কার্যক্রমের প্রশংসা করেন। বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন