শিগগিরই বাংলাদেশ সফরে আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঢাকা সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান।

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন উভয় দেশের প্রতিনিধিরা। এ সময় গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।

বৈঠকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। বিশেষ করে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন দুই মন্ত্রী।

এ ছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে যৌথ পরিদর্শন ও নজরদারি জোরদারের বিষয়েও আলোচনা হয়।

পাশাপাশি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহ এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় সমর্থনের আশ্বাস দেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

আনোয়ার ইব্রাহিমের সম্ভাব্য ঢাকা সফর বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজার সহযোগিতায় নতুন গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।