পুরোনো গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এ দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের কুশপুত্তলিকা দাহ করেছেন তারা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহস্রাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে বের হন। পরে তারা রাজধানীর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা গণপূর্ত কমপ্লেক্সের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা গণপূর্ত অধিদপ্তরের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় ‘আমাদের মাঠ আমাদের থাক’, ‘আমলা সচিব বাইরে থাক’, ‘মাঠ যখন হারিয়ে যাবে, প্রজাতিরা কোথায় যাবে’, ‘টেক ব্যাক, টেক ব্যাক’ এবং ‘সাউ ল্যান্ড, সাউ ল্যান্ড’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফিরে গিয়ে পরবর্তী দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা বাতিল করতে হবে। একই সঙ্গে পুরো মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে।

শিক্ষার্থীরা জানান, কৃষিশিক্ষা ও গবেষণার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের জন্য মাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে।

তাদের আরও দাবি, মাঠের মালিকানা ও ব্যবহার বিশ্ববিদ্যালয়ের হাতে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

গবেষণা মাঠের ভবিষ্যৎ নিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলনে ক্যাম্পাসজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।