যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ব্যারিস্টার আইরিন জুবাইদা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা এবং দেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী ব্যারিস্টার আইরিন জুবাইদা খান গত ২৮ আগস্ট ২০২৬ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব এবং ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, বিশ্বব্যাংক গ্রুপের আয়োজনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬’-এ অংশ নিতে গত ১ নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত এ ফোরামে বিভিন্ন দেশের অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীরা অংশ নেন।

ফোরামে আইনি কাঠামো শক্তিশালী করা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং উন্নয়ন ত্বরান্বিত করতে আইন ও বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সফর শেষে আগামী ১১ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এ সময়ে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রউফ।