দেশে কার্যকর সরকারব্যবস্থা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি এ প্রশ্ন তোলেন।
শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি লেখেন, ‘দেশে কি আদৌ কোনো সরকারব্যবস্থা আছে?’ রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। তাঁদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, ছাত্রীদের হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জের ঘটনা আরও বেশি উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে দেশে সরকার বলে আদৌ কোনো ব্যবস্থা আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পোস্টের শেষাংশে জামায়াত আমির ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত পূরণের আহ্বান জানান।
তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।

মন্তব্য করুন