https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দীর্ঘদিনের অবহেলা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দেশের শিক্ষা ব্যবস্থার মান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি দাবি করেন, বর্তমানে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের শিক্ষার মানকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার সঙ্গে তুলনা করা হয়।
রোববার জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, গত দুই দশকে শিক্ষা খাতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার গুণগত মান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও ন্যূনতম যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।
তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে নতুন কারিকুলাম প্রণয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো শিক্ষাকে জাতীয় উন্নয়নের প্রধান বিনিয়োগ খাত হিসেবে প্রতিষ্ঠা করা।
প্রতিমন্ত্রী বলেন, নতুন বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতে শিক্ষা খাতে জিডিপির প্রায় ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৪ শতাংশ বরাদ্দ থাকলেও এবার তা বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে। ভবিষ্যতে এ হার পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষাক্রমে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও উদার মানসিকতার নাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও ক্রীড়াকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ করা হয়েছে। এ উদ্যোগ নিয়ে নেতিবাচক প্রচারণারও সমালোচনা করেন তিনি।
ববি হাজ্জাজ আরও বলেন, একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। এ ক্ষেত্রে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেও জাতীয় উন্নয়নের পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।