https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে। হুমকি-ধমকি কিংবা চাপ সৃষ্টি করে কোনো দাবি আদায়ের সুযোগ নেই।
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সভার শুরুতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল ও শিক্ষা কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট অধ্যক্ষদের মতামত শোনেন শিক্ষামন্ত্রী। এ সময় একাধিক অধ্যক্ষ অভিযোগ করেন, শিক্ষা বোর্ডের কিছু কর্মকর্তা শিক্ষা ও প্রশাসনিক কাজে প্রয়োজনীয় সহযোগিতা করছেন না এবং দায়িত্ব পালনে উদাসীনতা দেখাচ্ছেন।
অভিযোগের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা বোর্ডের কাজ শুধু পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষার মানোন্নয়ন, একাডেমিক তদারকি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতেও বোর্ডকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, শিক্ষা বোর্ডের মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক পরিকল্পনা থাকা উচিত। শিক্ষার গুণগত উন্নয়নে কী করা হবে, সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে তা দেখা যায় না।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা কিন্তু টু-থার্ড মেজোরিটি নিয়ে সরকার গঠন করেছি। আমাদের ধমক-টমক দিয়ে কোনো লাভ হবে না। দায়িত্ব পালন করবেন, কাজ করবেন। তাহলে নিয়ম অনুযায়ী পদোন্নতিসহ সব প্রাপ্যই পাবেন।”
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক পরিচয়ের আড়ালে যারা বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন, তাদের কেউ কেউ এখন নতুন পরিচয়ে একই ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করছেন। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।