ঢাকা
২৮ আগস্ট ২০২৬

ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৭ জুন ২০২৬   ২৭ বার পঠিত
ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

ছবি: -সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। চলতি বছরের প্রথম চার মাসে ইইউর মোট পোশাক আমদানি কমলেও বাংলাদেশের রপ্তানি কমেছে প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক বেশি। বিশ্লেষকদের মতে, মূল্যহ্রাস, ইউরোপের অর্থনৈতিক মন্দা, চীনের সঙ্গে তীব্র প্রতিযোগিতা এবং দেশের অভ্যন্তরীণ নানা সীমাবদ্ধতা মিলেই তৈরি হয়েছে এই সংকট।

ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইইউর মোট পোশাক আমদানি ১০ দশমিক ৪২ শতাংশ কমে ২৭ দশমিক ৭৭ বিলিয়ন ইউরোতে নেমেছে। একই সময়ে বাংলাদেশ থেকে আমদানি কমেছে ১৯ দশমিক ৩৩ শতাংশ। ফলে রপ্তানির পরিমাণ ৭ দশমিক ৫৪ বিলিয়ন ইউরো থেকে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯ বিলিয়ন ইউরোতে।

এপ্রিল মাসেও একই ধারা অব্যাহত ছিল। ২০২৫ সালের এপ্রিলের ১ দশমিক ৮৬ বিলিয়ন ইউরোর বিপরীতে ২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশ থেকে ইইউর পোশাক আমদানি কমে দাঁড়ায় ১ দশমিক ৪৯ বিলিয়ন ইউরোতে, যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৫৩ শতাংশ কম।

প্রতিযোগী দেশগুলোর মধ্যে চীনের রপ্তানি জানুয়ারি-এপ্রিল সময়ে মাত্র ৪ দশমিক ৭০ শতাংশ কমেছে, আর ভিয়েতনামের রপ্তানি প্রায় স্থিতিশীল রয়েছে; তাদের রপ্তানি কমেছে মাত্র শূন্য দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে পাকিস্তানের রপ্তানি কমেছে ১৭ দশমিক ৯৪ শতাংশ এবং তুরস্কের ১৬ দশমিক ৬০ শতাংশ।

রপ্তানির পরিমাণের পাশাপাশি দামেও বড় চাপের মুখে পড়েছে বাংলাদেশ। চার মাসে ইইউ বাংলাদেশ থেকে ৪৩৫ দশমিক ৯৭ মিলিয়ন কেজি পোশাক আমদানি করেছে, যা এক বছর আগে ছিল ৪৮৩ দশমিক ৯৩ মিলিয়ন কেজি। একই সময়ে বাংলাদেশি পোশাকের গড় ইউনিট মূল্য প্রতি কেজিতে ১৫ দশমিক ৫৯ ইউরো থেকে কমে ১৩ দশমিক ৯৬ ইউরোতে নেমেছে, অর্থাৎ দাম কমেছে ১০ দশমিক ৪৫ শতাংশ। বিপরীতে ভিয়েতনামের ইউনিট মূল্য বেড়েছে ৬ দশমিক ৯০ শতাংশ।