https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে মোট ১ হাজার ৫২১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেলে ফল প্রকাশ করে পিএসসি। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, সুপারিশপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৩২০ জন ক্যাডার পদে এবং ২০১ জন নন-ক্যাডার পদে মনোনয়ন পেয়েছেন।
৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানো হয়। একই সঙ্গে প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়।
প্রথমে নির্ধারিত সময়সূচি পরিবর্তনের পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ৬৪৪ জন উত্তীর্ণ হন। পরে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ৩ হাজার ৬৩১ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।
মৌখিক পরীক্ষা শেষে রোববার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জনকে সরকারি চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।