https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে সোনা ও রুপার দাম। আন্তর্জাতিক বাজার এবং স্থানীয়ভাবে তেজাবি (পাকা) সোনার দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৩ হাজার ১৪৯ টাকা কমে হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগের দিন, সোমবারও সোনার দাম কমানো হয়েছিল। ফলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম মোট কমেছে ৬ হাজার ৫৯০ টাকা।
শুধু সোনাই নয়, কমেছে রুপার দামও। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে ৪ হাজার ৪৯১ টাকা হয়েছে। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা। তবে রুপার গহনার ক্ষেত্রে আগের মতোই নির্ধারিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
চলতি বছরে এখন পর্যন্ত ৮৪ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে এবং ৪৩ বার কমেছে।
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছিল সোনা। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ রেকর্ড।