https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৫৮ শতাংশ কমে ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। বিশ্ববাজারে তৈরি পোশাকের চাহিদা হ্রাস, ভূরাজনৈতিক অস্থিরতা, চলমান যুদ্ধ এবং ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির প্রভাবে বৈশ্বিক বাণিজ্যে ধীরগতি দেখা দেওয়ায় দেশের রপ্তানি খাতে এ নেতিবাচক প্রবণতা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল। তবে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সেই আয় কমে দাঁড়িয়েছে ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে।
সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করলেও বাস্তবে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
এদিকে নতুন ২০২৬-২৭ অর্থবছরের জন্য রপ্তানি আয় আরও বাড়ানোর লক্ষ্য নির্ধারণের সুপারিশ করেছে ইপিবি। সংস্থাটি আগামী অর্থবছরে ৫৮ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।