https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বাজারে সোনা ও রুপার নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি সোনা (পিওর গোল্ড) ও তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধির কারণে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণালংকারের দাম ১৯ হাজার ৫৯৫ টাকা, ২১ ক্যারেটের ১৮ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের দাম ১৩ হাজার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ককৃত রুপার অলংকারের দাম ৪২০ টাকা, ২১ ক্যারেটের ৪০০ টাকা, ১৮ ক্যারেটের ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার অলংকারের দাম ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ নতুন মূল্য কার্যকর থাকবে।