তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগের বিষয় নয়; এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্য দিয়েই সেই দায়িত্ববোধের প্রমাণ দিতে হবে।
শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে বা ক্ষমতায় যেতে চায়, তাদের কর্মকাণ্ডে জনগণের কল্যাণের প্রতিফলন থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভা শেষে তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর আসন্ন বরিশাল সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, সফরের মূল উদ্দেশ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া। পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে দলের গুরুত্বপূর্ণ নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন