https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আজম (৪৮) নামে পুলিশের এক সোর্সকে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, নিহত আজমের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে। সকালে বাড়ির পাশের একটি বিলে জাল ফেলে মাছ ধরছিলেন তিনি। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত এসে প্রথমে তার পায়ে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা।
খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, আজম নিজ বাড়িতে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাদের অভিযোগ, স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দিদারুল নামে এক স্থানীয় ব্যক্তির নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত এবং তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তাকে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।