https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আটলান্টায় প্রথম অনুশীলন সেশন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে পুনরুদ্ধারমূলক এই অনুশীলনে বল নিয়ে কাজ না করে বেঞ্চে বসেই সময় কাটাতে দেখা গেছে অধিনায়ক লিওনেল মেসিকে।
সেমিফাইনালের ২৪ ঘণ্টারও কম সময় পর অনুষ্ঠিত হওয়ায় বৃহস্পতিবারের অনুশীলন ছিল মূলত রিকভারি সেশন। যেসব ফুটবলার ৬০ মিনিটের বেশি খেলেছেন, তারা হালকা শারীরিক অনুশীলন করেন। আর যারা কম সময় খেলেছেন বা মাঠে নামেননি, তারা বল নিয়ে অনুশীলনে অংশ নেন।
অনুশীলনের একপর্যায়ে মেসিকে লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজের সঙ্গে বেঞ্চে বসে হাস্যোজ্জ্বল পরিবেশে সময় কাটাতে দেখা যায়। পরে জুলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজসহ আরও কয়েকজন ফুটবলার তাদের সঙ্গে যোগ দেন। পুরো অনুশীলনেই ছিল স্বস্তির আবহ।
শুক্রবার আটলান্টায় শেষ অনুশীলন করবে আর্জেন্টিনা। এরপর দলটি নিউ জার্সিতে ফাইনালের ভেন্যুর উদ্দেশে রওনা হবে। ফিফার সূচি অনুযায়ী শুক্রবারের অনুশীলনের প্রথম ১৫ মিনিট গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। তবে ফাইনালের আগের দিন শনিবার আর্জেন্টিনা ও স্পেন—উভয় দলের অনুশীলনই হবে সম্পূর্ণ বন্ধ দরজার আড়ালে।