https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কের ফ্যানাটিকস ফেস্টে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকাদের মিলনমেলায়ও আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন লিওনেল মেসি। টম ব্র্যাডি, নোভাক জোকোভিচ, কেভিন ডুরান্টসহ বিশ্বের খ্যাতিমান ক্রীড়াবিদরা তার সঙ্গে ছবি তোলা ও কথা বলার সুযোগ নিতে আগ্রহ দেখান।
বিশ্বকাপ ফাইনালের আগে এটিই ছিল মেসির শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। তবে এবার ফিফা প্রচলিত ধারার বাইরে গিয়ে সাংবাদিকদের বদলে বিভিন্ন খেলার কিংবদন্তিদের প্রশ্ন করার সুযোগ দেয়।
টম ব্র্যাডি ২০০৭ সালে শিশু লামিনে ইয়ামালকে কোলে নিয়ে থাকা মেসির ভাইরাল ছবি নিয়ে প্রশ্ন করলে হাসতে হাসতে মেসি বলেন, অবিশ্বাস্য একটা ছবি।
নোভাক জোকোভিচ বড় ম্যাচের চাপ সামলানোর বিষয়ে মেসি ও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে জানতে চান। প্রশ্নোত্তর শেষে তিনি বলেন, গ্রাসিয়াস, লিও।
অন্যদিকে কেভিন ডুরান্ট গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের কাছে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সম্ভাব্য অনুভূতি সম্পর্কে জানতে চান।
স্পেন অধিনায়ক রদ্রিও মেসির প্রশংসা করে বলেন, আমার কাছে তিনিই সর্বকালের সেরা।
আগামীকাল (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মেসির একটাই বার্তা, আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।