https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
রোববার নগরীর বেলস পার্ক মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ সারাবিশ্ব আজ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে অবস্থান করছে। এ সংকট মোকাবিলায় বৈশ্বিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জ্বালানি ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণের মেগা পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে।
তথ্যমন্ত্রী জানান, এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই সারাদেশে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এতে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামসহ বিভাগীয় প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তথ্যমন্ত্রী মেলায় অংশ নেওয়া ৫০টি স্টল ও নার্সারি ঘুরে দেখেন।
বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি নার্সারির অংশগ্রহণে আয়োজিত এই বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।