https://timenewsbangla.com

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে করা ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ ইরান বা অন্য কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়েছে তুরস্ক।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, চুক্তিতে কোনো দেশকে যৌথ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। ফিদান জানান, হামলার ধরন ও পরিস্থিতি অনুযায়ী গোয়েন্দা সহায়তা, রসদ, গোলাবারুদ কিংবা সামরিক ইউনিট পাঠানোর মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
তিনি চুক্তিটিকে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির সঙ্গে কৌশলগতভাবে তুলনা করেছেন। এর আওতায় তিন দেশ যৌথ সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময়, হুমকি মূল্যায়ন ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াবে। সৌদি আরবে একটি সচিবালয়ও স্থাপন করা হবে।
ফিদানের দাবি, চুক্তিটির প্রস্তুতিতে প্রায় দুই বছর আট মাস সময় লেগেছে। তাই এটি ইরানকে ঘিরে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়।
তবে ইরানের কয়েকজন কর্মকর্তা চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সৌদি আরবকে তুরস্ক ও পাকিস্তানের ওপর অতিরিক্ত নিরাপত্তানির্ভরতার বিষয়ে সতর্ক করেছেন।