https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
একটি সংখ্যার ভুল করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অমিতাভ। নিজের ব্লগের পাশাপাশি এক্স হ্যান্ডেলেও নিয়মিত পোস্ট করেন তিনি। প্রতিদিনের পোস্টের শুরুতে ধারাবাহিকভাবে একটি নম্বর ব্যবহার করেন অভিনেতা। সম্প্রতি সেই নম্বর লিখতেই ভুল করে বসেন তিনি।
পরে নিজের ভুল বুঝতে পেরে এক্সে ক্ষমা চেয়ে অমিতাভ লেখেন, ‘টি ৫৮২০। নম্বর দেওয়ার ক্ষেত্রে আমার বড় ভুল হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী। ৫৮১৭-এর পর ৫৮১৮, ৫৮১৯, ৫৮২০ হওয়া উচিত ছিল।’
ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য সুনীল নামের এক নেটিজেনকেও ধন্যবাদ জানান তিনি। তবে অমিতাভের এই ছোট্ট ভুল নিয়ে রসিকতা করতে ছাড়েননি অনুরাগীরা। একজন মন্তব্য করেন, ভুল স্বীকার না করলে এই নম্বর ভুলের প্রতিবাদে যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। আরেকজন মজা করে বলেন, ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য সুনীলের অবদান মানুষ মনে রাখবে।
সামান্য একটি সংখ্যার ভুল হলেও অমিতাভ যেভাবে নিজেই তা স্বীকার করে ক্ষমা চেয়েছেন, সেটিই অনুরাগীদের নজর কেড়েছে। তার সরল স্বীকারোক্তি ও রসবোধও প্রশংসা পাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এদিকে কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে ব্যস্ততার পাশাপাশি আগামী দিনে তাকে দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলেও।