ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে এলোপাতাড়ি গুলির ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ট্রেপস ও লা ভেরিয়ের শহরে সংঘটিত এ ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ।
ম্যাক্রোঁ বলেন, মানুষের গায়ের রং ও ধর্মের কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ধরনের নির্বিচার হত্যাকাণ্ড ফরাসি প্রজাতন্ত্র ও জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। বর্ণবাদী মতাদর্শের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার আহ্বানও জানান তিনি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারী নিজের গাড়ি থেকে প্রায় ১৫ মিনিট ধরে বিভিন্ন স্থানে গুলি চালান। প্রথমে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রেপস শহরে এবং পরে পাশের লা ভেরিয়েরে এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
আহত পাঁচজনের মধ্যে ১২ বছর বয়সী এক মেয়েসহ তিনজনের অবস্থা গুরুতর। মেয়েটির মায়ের দাবি, তার মেয়ের শরীরে আটটি গুলির ক্ষত হয়েছে এবং অস্ত্রোপচার করতে হয়েছে। মেয়েটির মাথায় স্কার্ফ থাকায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।
ট্রেপসের মেয়র আলি রাবেহ জানান, হামলাকারী একটি ধূসর রঙের রেনো ক্লিও গাড়ি থেকে সামনে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালান। একটি পেট্রল স্টেশন, চিকিৎসাকেন্দ্র ও শিশুদের খেলার মাঠের কাছে হামলার পর তিনি লা ভেরিয়েরের দিকে চলে যান। পরে শহরের একটি প্রধান সড়ক থেকে তাকে আটক করা হয়।
ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তির নাম কেভিন টি। ৩৯ বছর বয়সী এই ব্যক্তি আগে চারটি অপরাধে দণ্ডিত হয়েছিলেন বলে প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে। তবে তিনি ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নজরদারির তালিকায় ছিলেন না।
ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর কার্যালয় ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। হামলায় ব্যবহৃত অস্ত্রের বৈধতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতিতে কোনো গোষ্ঠীর সঙ্গে সন্দেহভাজনের যোগসাজশ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন