চিকিৎসার জন্য আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বর্ষীয়ান অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
টানা ১৫ মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। তার ছেলে জয় জানিয়েছেন, বর্তমানে তিনি আগের তুলনায় ভালো আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন আর কেমোথেরাপি দিতে হবে না, তবে ইমিউনোথেরাপি চলবে।
ঢাকা ছাড়ার আগে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের দায়িত্ব তিনি দেশের মানুষের হাতে রেখে যাচ্ছেন। তার অনুপস্থিতিতে সবাইকে এই দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
দেড় বছরের চিকিৎসা শেষে দেশে ফেরার পর তাকে দেখতে চলচ্চিত্র অঙ্গনের বহু সহকর্মী তার গুলশানের বাসায় যান। বরেণ্য অভিনেতা আলমগীর, রোজিনা, আনোয়ারা, বাপ্পারাজসহ অনেকেই তার সঙ্গে দেখা করেন।

মন্তব্য করুন