https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হরমুজ প্রণালিকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের গার্ডেন সিটিতে নতুন নাসাউ কাউন্টি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।
ট্রাম্প বলেন, ইরান খুব খারাপভাবে পরাজিত হচ্ছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্রের অবরোধ এখনো বহাল রয়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না।
তবে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড বৃহস্পতিবার ট্রাম্পের এমন দাবিকে ‘ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট’ বলে অভিহিত করেছে।
পণ্য ও জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ১২ আগস্ট পর্যন্ত ১৬৬ দিনে ৩ হাজার ৩৭১টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এ সংখ্যা যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক জাহাজ চলাচলের মাত্র প্রায় ২০ শতাংশ।
এর আগে এপ্রিল মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে ১৭ জুন দুই দেশ একটি চুক্তিতে সই করে এবং স্থায়ী সমঝোতায় পৌঁছাতে আলোচনা শুরু করে। তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে অবাধ নৌ চলাচলের অধিকার নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী সময়ে আলোচনা স্থবির হয়ে পড়ে।
৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি সামরিক হামলা হয়। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে।