https://timenewsbangla.com

নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। সম্প্রচার করবে টি স্পোর্টস।
সাম্প্রতিক লড়াইয়ে ভারতের আধিপত্য থাকলেও অতীতের সাফল্য আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশকে। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় এসেছিল তিন বছর আগে। এর আগে ২০১৮ সালে টানা দুই ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা।
বর্তমান বাংলাদেশ দলও আগের চেয়ে অনেক বেশি পরিণত। গত এক বছরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা।
চলতি এশিয়া কাপেও বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে বোলিং। ইন্দোনেশিয়াকে ৫৮ এবং সংযুক্ত আরব আমিরাতকে ৬৯ রানে আটকে দিয়েছে তারা। পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত বোলিংয়ে ১০০ রানে আটকে দিয়েছিল প্রতিপক্ষকে।
অন্যদিকে, ভারতের ব্যাটিংয়েও রয়েছে দুর্বলতা। থাইল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৬ রানে ৮ উইকেট হারিয়ে বড় ধসে পড়েছিল তারা। ফলে ভারতের ব্যাটিংয়ে দ্রুত চাপ তৈরি করাই বাংলাদেশের মূল লক্ষ্য হতে পারে।
তবে সেমিফাইনালে জিততে হলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের দুর্বলতাও কাটিয়ে উঠতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। পুরনো সেই সাফল্যের স্মৃতি কি আবারও ভারত-বধের অনুপ্রেরণা হয়ে উঠবে? উত্তর মিলবে আজ রাতেই।