https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নারী এশিয়া কাপে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে মারুফার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬২২। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার সুবাদেই বড় এই উন্নতি হয়েছে। এর ফলে টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে এখন শীর্ষে মারুফা।
একই ম্যাচে ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া সুলতানা খাতুন ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে উঠেছেন। তবে রাবেয়া খান এক ধাপ পিছিয়ে ২২তম এবং নাহিদা আক্তার চার ধাপ পিছিয়ে ৩২তম অবস্থানে রয়েছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নিগার সুলতানা জ্যোতি এক ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন। সোবহানা মোস্তারি ৩৬, দিলারা আক্তার ৬২ এবং জুয়াইরিয়া ফেরদৌস ৯৬তম স্থানে রয়েছেন। অলরাউন্ডারদের শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই—হেইলি ম্যাথিউস, অ্যামেলিয়া কের ও চামারি আতাপাত্তু রয়েছেন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে।