https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিতে পাইপলাইন নির্মাণে অন্তত সাত বছর সময় লাগতে পারে। তাই অপেক্ষা না করে ভোলাতেই গ্যাসভিত্তিক শিল্প, সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা আসন-১৭-এর সদস্য সুলতানা আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে দীর্ঘ সময় লাগবে। এ কারণে স্থানীয়ভাবে গ্যাস ব্যবহার করে শিল্পায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি ভোলার অর্থনীতিও শক্তিশালী হবে।
তিনি জানান, ভোলায় একটি বড় সার কারখানা এবং ৫০০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলায় ৪০০ মেগাওয়াটের আরও একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদে জানানো হয়, ভোলার ভেদুরিয়া ও ইলিশা গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজিতে রূপান্তর করে লাইটারেজ অপারেশনের মাধ্যমে খুলনার বিদ্যুৎ হাবে সরবরাহের উদ্যোগও চলছে।
প্রধানমন্ত্রী বলেন, ভোলাকে ব্লু ইকোনমির কেন্দ্রীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। গ্যাস, মৎস্যসম্পদ, কৃষি ও উপকূলীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে জেলার অর্থনীতিতে বড় পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে সরকারের।