ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬

লালবাগে মাটি খুঁড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
লালবাগে মাটি খুঁড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ৯ নম্বর বিসি দাস স্ট্রিটের ওই ভবনে অভিযান শুরু করে পুলিশ। দীর্ঘ অভিযান শেষে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মাটি খুঁড়ে ওয়াসিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, তিন লাখ টাকা সুদে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ওয়াসিমকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও মৃত্যুর ধরন তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পরিবারের সদস্যরা জানান, গত ৮ সেপ্টেম্বর দুপুরের পর থেকে ওয়াসিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ওই দিন পাওনা তিন লাখ টাকা ফেরত দেওয়ার বিষয়ে একটি চেক দেওয়ার কথা ছিল। এরপর তার কোনো সন্ধান না পেয়ে লালবাগ থানায় অভিযোগ করেন স্বজনরা।

পুলিশ জানায়, নিখোঁজের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তারা। একপর্যায়ে ওয়াসিমকে হত্যা করে একটি ভবনের নিচতলার পাশের মাটির নিচে মরদেহ লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

আটক মাসুম ওই ভবনের নিচতলায় ইমিটেশন জুয়েলারির ব্যবসা করতেন বলে তার স্বজনরা জানিয়েছেন। তাদের দাবি, প্রায় আট মাস আগে ওয়াসিমের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছিলেন মাসুম। টাকা পরিশোধ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, ঘটনায় মাসুম চৌধুরীকে আটক করা হয়েছে। হত্যার সঙ্গে আরও কেউ জড়িত কি না, প্রকৃত কারণ কী এবং কীভাবে ওয়াসিমের মৃত্যু হয়েছে—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930