https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনে লুডু খেলার সময় ‘ভুল’ ধরায় প্রতিপক্ষের হামলায় রফিক মিয়া নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক ওই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় একটি বাগানবাড়িতে সালমান ও বশির নামে দুই যুবক মোবাইল ফোনে লুডু খেলছিলেন। এ সময় রফিক সেখানে গিয়ে খেলা দেখছিলেন। একপর্যায়ে তিনি তাদের খেলার একটি ভুল ধরিয়ে দেন। এ নিয়ে সালমান ও বশিরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
পরে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। তবে কিছুক্ষণ পর সালমান আবারও রফিকের ওপর চড়াও হন বলে অভিযোগ। তাকে গলা চেপে ধরার পাশাপাশি উপর্যুপরি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই জিলু মিয়া বলেন, লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করেই সালমান ও বশিরের সঙ্গে রফিকের বিরোধ হয়। পরে তাকে মারধর করা হলে তার মৃত্যু হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।